সারাদেশের বর্ষণমুখর আবহাওয়ায় খুলনায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা
শেখ ইমতিয়াজ মেহেদী হাসান, খুলনাঃ সারাদেশের বর্ষণমুখর আবহাওয়ায় খুলনায় এখন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারাদেশের ওপর বর্ষা মৌসুমী বায়ু সক্রিয় হয়েছে। সমুদ্র উত্তাল চলছে ৩নং সতর্কতা সংকেত। সব বিভাগেই কম-বেশি শুরু হয়েছে বৃষ্টিপাত। বৃহষ্পতিবার সবচেয়ে বেশি হয়েছে যশোরে ১৭ মিলিমিটার এবং খুলনায় ৪ মিলিমিটার। আজকালের মধ্যে আরও বৃষ্টি হতে পারে। কোথাও মাঝারী ও হাল্কা এবং কোথাও দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
গুরুত্ব পূর্ণ লিংক
পদ্মা অববাহিকায় আগামী ২৪ ঘন্টায় আরও বৃষ্টিপাত ঘটতে পারে। আবহাওয়া বার্তা অনুযায়ী, মৌসুমী বায়ু উত্তর বঙ্গোপসাগর এলাকায় প্রবল রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। অপরদিকে, অগ্রিম আমন বীজতলা করা নিয়ে কৃষককূলের যে সমস্যা দেখা দিয়েছিলো আপাতত তা দূর হয়েছে। বৃষ্টিপাত শুরু হওয়ায় কৃষকরা ইতিমধ্যে বীজতলা তৈরীর কাজ শুরু করে দিয়েছেন বেশ ফুরফুরে মেজাজে উৎসবের আবহাওয়ায়।
